Main Menu

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামি কাউছার ইসলামকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে সুনামগঞ্জের দিরাই থানাধীন চণ্ডীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার কাউছার ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আহমদাবাদ গ্রামের হারিছ উল্লাহর ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জগন্নাথপুর থানার বুরাইয়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত কাউছার ইসলাম ভুক্তভোগীর আপন চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে সে ভুক্তভোগীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর বাবা অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। পরে অভিযুক্তকে তাদের বাড়িতে আসতে নিষেধ করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুলাই রাতে ভুক্তভোগীর বাবা সন্তানদের নিয়ে বিশ্বনাথ থানাধীন রায়কেশী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত কাউছার ইসলাম ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ভাইয়ের নাম ধরে ডাক দেয়। সরল বিশ্বাসে দরজা খুলে দিলে সে ঘরে প্রবেশ করে ভুক্তভোগীর মুখ চেপে ধরে এবং গলা টিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগীর কান্নার শব্দ শুনে তার ভাই ঘরে প্রবেশ করলে সে বিষয়টি জানায়। এ সময় তার ভাই অভিযুক্তকে আটক করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে তা বাস্তবায়ন করা হয়নি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি জগন্নাথপুর থানার মামলা নম্বর-২০, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারাসহ দণ্ডবিধির ১৮৬০ সালের ৫০৬(২) ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি কাউছার ইসলামকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed