Main Menu

জৈন্তাপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত শতাধিক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে দুই শিক্ষার্থীর কথা কাটাকাটির জের ধরে মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে থানার ওসিসহ প্রায় শতাধিক লোক আহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার বালিপাড়া ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে প্রায় ৩ ঘন্টাব্যাপী এ সংষর্ঘের ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে শতাধিক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়া সংঘর্ষ চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ৩ ঘন্টা পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ১০ম শ্রেনীর ছাত্র বালিপাড়া গ্রামের আরিফ এবং হাউদপাড়া গ্রামের ছাত্র জামাল এর বক্তব্যের জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এনএসপি নিয়োগকৃত শিক্ষক ইয়াকুব আলী উস্কানীমূলক বক্তব্য দিলে ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্কুলে মারামারির সংবাদ বালিপাড়া ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে বিষয়টি নিয়ে দুটি অঞ্চলে বিভক্ত হয়ে একটি পক্ষ বালিপাড়া, হরিপুর, শিকার খা, তিনপাড়া অপর পক্ষ হাউদপাড়া, ভেলুপাড়া, মাঝপাড়া ও জুয়াইরটুক এলকাবাসী হরিপুর বাজারে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এরপর সন্ধ্যায় ১৭ পরগনার সালিশ ব্যক্তিগন উভয় পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উভয়পক্ষের সমঝোতা বৈঠকের জন্য আগামী রোববার বৈঠকের দিন নির্ধারন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হরিপুর বাজারে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রাখা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সভাপতি আলা উদ্দিন, ছালাম মিয়া, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, হারুন আহমদ, এনাম আহমদ, জালাল উদ্দিন, আশিকুর রহমান, সাহাবউদ্দিন, কবির আহমদ, আব্দুল খালিক, মো. জাকারিয়া, কিবরিয়া, কামাল উদ্দিন, কালা মিয়া, সাহাব উদ্দিন, ময়নুদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির, অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদ, এস আই সুজন, এএসআই রায়হান। বাকী আহতদের নাম জানা যায়নি। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেল‘র সিনিয়র এএসপি আমিনুর রশিদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম, সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। পাশাপাশি দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed