Main Menu

মেডিকেল ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, মেটালিক কলমসহ যেকোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস নেয়া নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকল মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এমন নির্দেশনা দেন।

সভায় বেশ আরও বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রের ভেতরে ও পাশে অবস্থান করতে পারবেন না। ক্যাম্পাসে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবকদের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। সেই সাথে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট।

পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টায় কেন্দ্র খুলে দেয়া হবে। কোনো অবস্থায়ই সকাল সাড়ে নয়টার পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। কেন্দ্র ইনচার্জ ছাড়া কেউ মোবাইল ফোন কাছে রাখতে পারবে না। এবং তাকে এ্যানালগ মোবাইল ফোন দেয়া হবে।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে প্রবেশ করানো হবে। মেয়েদের তল্লাশির ক্ষেত্রে থাকবে আলাদা তল্লাশি বুথ। তল্লাশি কাজে পুলিশের পাশাপাশি থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিনিধিরা।

সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের মেডিকেল ভর্তি পরীক্ষা সম্মিলিতভাবে হয়ে থাকে। ডিএমপি অতীতে যেভাবে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করেছে বর্তমানে ও ভবিষ্যতেও করবে। এটি আমাদের জাতীয় কাজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ নয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো গুজব বা প্রোপাগান্ডা প্রতিরোধে ডিএমপি’র সাইবার ইউনিটসহ তৎপর রয়েছে সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা।’

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর সকাল ১০টা থেকে একযোগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হবে। ঢাকার ৫টি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৪,৭৪০ জন শিক্ষার্থী।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী, চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ এম এ রউফ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ বিল্লাল আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শাহ গোলাম রব্বানীসহ মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

Share





Related News

Comments are Closed