Main Menu

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাম পাশ পুরো অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, খালেদা জিয়া বাম হাত ও পা নাড়াতে পারেন না। তার চোখেও প্রচণ্ড ব্যথা।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে বিকেল ৫টার দিকে চার আইনজীবী নিয়ে কারাগারে সাক্ষাতের জন্য প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টার দিকে বেরিয়ে আসেন আইনজীবীরা।

সাক্ষাতের জন্য যাওয়া অপর আইনজীবীরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আব্দুর রেজ্জাক খান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘তার অবস্থা অত্যন্ত খারাপ। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউনাইটেড, অ্যাপোলো বা যেকোনও বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক। আগে তার চিকিৎসা, পরে বিচার।’

তিনি বলেন, ‘একজন নাগরিক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ারও বিচার পাওয়ার অধিকার রয়েছে। কারাগারের ভেতরে রেখে খালেদা জিয়াকে চিকিৎসা না দেওয়ায় তার শরীরের এই অবস্থা হয়েছে।’

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি বকশীবাজারের বিশেষ এজলাস থেকে পুরনো কারাগারে স্থানান্তর করতে এক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিরাপত্তার কারণ দেখিয়ে গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় জারিকৃত এ প্রজ্ঞাপনে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত ঘোষণা করে সেখানেই দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি করার নির্দেশ দেয়। এরপর ৫ সেপ্টেম্বর বুধবার সেই আদালত বর্জন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ কারাগারেই আরেকটি ভবনের দোতলার একটি কক্ষে গত সাত মাস ধরে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি একই বিচারক তাকে পাঁচ বছর কারাদণ্ড দেন।

Share





Related News

Comments are Closed