Main Menu

দুই মেয়র শপথ নেবেন আজ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করাবেন। আর কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেবেন আরিফুল হক চৌধুরী। এদিন সংরক্ষিত নয় কাউন্সিলর ও ২৭ ওয়ার্ডের কাউন্সিলররা শপথ নেবেন।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দু’টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এদিন ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পান। কিন্তু ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও স্থগিত কেন্দ্র দু’টির ভোটের চেয়ে ১৬১ ভোটে পিছিয়ে ছিলেন আরিফ।

গত ১১ আগস্ট স্থগিত দু’টি কেন্দ্রের পুনরায় নির্বাচন শেষে আরিফুল ৬ হাজার ১৯৬ ভোটে কামরানকে পেছনে ফেলে বিজয়ী হন। ১৩৪টি কেন্দ্রের ফলাফলে ৯২ হাজার ৫৯৩ ভোট পান আরিফুল। আর কামরান পেয়েছেন মোট ৮৬ হাজার ৩৯৭ ভোট। ঘোষিত ফলাফলে আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে ২০১৩ সালের ২১ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে শপথবাক্য পাঠ করেন আরিফুল হক চৌধুরী।

এদিকে, এএইচএম খায়রুজ্জামান লিটনও দ্বিতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে শপথ নেবেন আজ। নগরীর ৪০ কাউন্সিলররাও আজ শপথ নেবেন।

৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হন লিটন।

এর আগে ২০০৮ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন লিটন।

Share





Related News

Comments are Closed