ছাতক প্রেসক্লাব সেক্রেটারি রনি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আনোয়ার হোসেন রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার আলমপুর গ্রাম থেকে ছাতক থানার ওসি ও ইন্সপেক্টরসহ একদল পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতা্র দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদি হয়েছেন গোলাম মোস্তফা নামে এক ট্রাফিক সার্জেন্ট।
রনিকে গ্রেপ্তারের ঘটনায় সুনামগঞ্জ ও ছাতকের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে রনির মুক্তি দাবি করেন। রনিকে গ্রেপ্তারের খবর পেয়ে সকালে থানায় ছুটে যান ছাতকের সাংবাদিকরা।
ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন রনিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, এরকম ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে ছাতক থানায় গোলাম মোস্তফা নামে এক ট্রাফিক সার্জেন্ট বাদি হয়ে ৩ সেপ্টেম্বর (সোমবার) ৩৮৫/৫০৬ ধারায় একটি চাঁদাবাজির মামলা (নং-৭) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।
সম্প্রতি আনোয়ার হোসেন রনি ছাতকের ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় পুলিশ প্রশাসন ক্ষুব্দ হয়ে উঠে। এরই জের ধরে রাতারাতি মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে যুগান্তর সিলেটের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ জানান, গ্রেপ্তারের বিষয়টি খুবই উদ্বেগের। কোনো সংবাদে তথ্য ভুল থাকলে তার প্রতিবাদ করার বিধান রয়েছে। একজন সাংবাদিককে আটক করে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed