Main Menu

প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, বখাটে আটক

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় তুলি (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। তুলি উপজেলার ধুলাসর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

শনিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় নাইম নামে এক যুবক তুলির পথ রোধ করে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে নাইম। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম জানান, দীর্ঘদিন ধরে তুলিকে উত্ত্যক্ত করে আসছিল নাইম। এ বিষয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এলাকাবাসী বখাটে নাইমকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। নাইম একই এলাকার সোলায়মানের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed