Main Menu

সিসিক নির্বাচনে আত্মবিনাশীদের রেহাই নেই: কাদের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে যারা আত্মবিনাশী কাজ করেছেন তাদের রেহাই নেই। তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। আমি সিলেটে কেবল ভাষণ দিতে আসি নাই, সিসিক নির্বাচন নিয়ে যেসকল অভিযোগ উঠেছে সেগুলোকে খতিয়ে দেখতে এসেছি।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভার প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পরাজিত হন। অভিযোগ ওঠে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরোধিতার কারণেই কামরানকে পরাজিত হতে হয়।

জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের মধ্যে এ অনৈক্য মেটাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সফরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে এ শোকসভায় যোগ দিতে বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১টা ১০ মিনিটের দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিমানযোগে সিলেট আসেন।

শোক সভাতেও কাঁদলেন কামরান

আবারো আওয়ামী লীগের হাজারো কর্মী সমর্থকদের সামনে অঝোরে কাঁদলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সিলেট রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বিগত সিসিক নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে পরাজিত মেয়র প্রার্থী কামরান কান্নায় ভেঙ্গে পড়েন।

তাঁর কান্নার সাথে পুরো সমাবেশস্থল নিস্তব্ধ হয়ে যায়। এক আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো এলাকায়।

এসময় কামরান তাঁর আবেগঘন বক্তব্যে বিগত সিসিক নির্বাচনে বিজয় এনে দিতে না পারায় নেতা কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন- ‘আমি কাঁদতে পারি না, কারণ আমি কাঁদলে দুনিয়া কাঁদে, আমি কাঁদলে সিলেটের মানুষ কাঁদে।’

বিগত সিসিক নির্বাচনে নেতাকর্মীরা তাঁর সাথে বেঈমানি করেছে; এমন ইঙ্গিত দিয়ে কামরান বলেন- সেদিন সিলেটের মানুষ নৌকার পক্ষে শ্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছিল। তারপরও ভাগ্যের নিষ্ঠুর পরিহাস শেখ হাসিনাকে নৌকার বিজয় এনে দিতে পারি নাই। এ কথা বলে তিনি মোস্তাকের প্রসঙ্গ টানেন। বলেন- সারাক্ষণ বঙ্গবন্ধুর সাথে থেকে ওই জাতীয় বেঈমান মোস্তাক বঙ্গবন্ধুর সাথে মুনাফিকি করেছিল। কিন্তু ওই বেঈমানের লাশ দাফন করার সুযোগও বাংলার মানুষ দেয় নাই। আজকে শোকের মাসে শপথ নিতে হবে, আগামী সংসদ নির্বাচনে সমস্ত বেঈমানি মুনাফিকিকে ভুলে গিয়ে ঈমানের পরিচয় দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য।

সবশেষে তিনি বিগত নির্বাচনে তাঁর পক্ষে কষ্ট করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কামরান- আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবেই রাজপথে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে জীবনের শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share





Related News

Comments are Closed