Main Menu

নেপালকে ৩-০ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলার বাঘিনীরা। দলের পক্ষে একটি করে গোল করেছেন তহুরা খাতুন, মারিয়া মান্দা ও সাজেদা খাতুন।

সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভূটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালালেও সফলতা পেতে এদিন একটু সময় লাগে মণিকা-মারিয়া মান্দাদের।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যাচের ৪৬ মিনিটে কর্নার কিক পায় বাংলাদেশ। তা থেকে গোলবারের সামনে থাকা খেলোয়াড়কে বল দেয়া হয়। সেখান থেকে সামনে বাড়ানো পাস ধরে ক্রস শট। গোলের মুখে পাওয়া ওই ক্রস থেকে তহুরা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরতে আক্রমণে আরও শাণ দেয় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে সাজেদা খাতুনের গোল বাংলাদেশের জয় অনেককাংশে নিশ্চিত করে দেয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল পাকিস্তানের জালে ১৪ গোল দেয় বাংলাদেশ। অপরদিকে গ্রুপ পর্বে নেপালের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নবাগত পাকিস্তান। ফলে আজকের দুদলের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। তাতে দারুণভাবে নিজেদের সামর্থ্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শামসুন্নাহার-মণিকা চাকমারা।

এদিকে হেরেও সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল।

একইদিন স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। অপরদিকে টানা দুই হারে টুনার্মেন্ট থেকেই ছিটকে পড়েছে শ্রীলঙ্কা।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভূটান। অপর সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে শক্তিশালী ভারত।

Share





Related News

Comments are Closed