নিরপাদ সড়কের দাবিতে রাজপথে সিলেটের শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিরাপদ সড়কের দাবি ও দুই শিক্ষার্থি হত্যার প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে জড়ো হওয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের স্লোগান দিতে থাকে। তারা বাসচাপায় নিহত দিয়া ও রাজীবকে চাপা দেয়া বাস চালকের ফাঁসি দাবি করেন।
বেলা দুইটার দিকে প্রতিবাদী শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার অভিমুখে আসতে শুরু করে। সবার মুখেই প্রতিবাদী স্লোগান, গলায় ঝুলানো প্লে-কার্ড। যাতে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস, আমার মাটি আমার মা, রাস্তা কারো বাপের না’ এমন সব স্লোগান। এরপর বেলা আড়াইটার দিকে এভাবে শ্লোগানে স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে। সেই সাথে বন্ধ হয়ে যায় চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক।
এর আগে নিরাপদ সড়কের দাবিতে এবং ঢাকায় শিক্ষার্থী নিহত ও হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অবস্থান করতে দেখা যায়।
প্রধান ফটকে এক ঘন্টা অবস্থান করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা প্রদক্ষিণ করে বৃষ্টি উপেক্ষা করে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক জুয়েল রানার সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাবির সংগঠন সাস্ট অ্যারেনার সাবেক সাধারণ সম্পাদক খৈরুম কামেশ্বর, সংগঠনের বর্তমান সভাপতি রিফাত হায়দার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, সাস্ট এসডি এর সাবেক সাধারণ সম্পাদক আদনান শাহ, চোখ ফিল্মের সভাপতি তুহিন ত্রিপুরা বক্তব্য রাখেন।
বক্তব্যকালে তারা “নিরাপদ সড়কে ব্যবস্থা তৈরি করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন সেই সাথে শিক্ষার্থীদের বেধে দেওয়া নয় দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান। এসময় নৌমন্ত্রী শাজাহান খানের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট ক্ষমা চেয়ে তার পদত্যাগ দাবী করা করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলাকে ন্যাক্কার জনক দাবী করে এর প্রতি তীব্র প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার (২৯ জুলাই) দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন।
এ ঘটনা কেন্দ্র করে পাঁচ দিন ধরে রাজধানীজুড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থী নিহতের ঘটনায় তারা দোষী পরিবহনকর্মীদের বিচার ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবি জানাচ্ছে।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed