Main Menu

এখন থেকে এনআইডি সেবা মিলবে মাঠপর্যায়ে

বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে কোনো নাগরিককে আর কষ্ট করে ঢাকায় আসতে হবে না। নিজ নিজ আঞ্চলিক কার্যালয়েই এখন থেকে হারানো এনআইডি প্রিন্ট করা যাবে।

আঞ্চলিক কার্যালয়ে হারানো এনআইডি প্রিন্ট করার জন্য সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে হারানো জাতীয় পরিচয়পত্র এনআইডি উইং বা ইটিআই ভবন হতে মুদ্রণ করা হবে না। এনআইডি উইং হতে শুধুমাত্র জরুরি সেবা দেয়া হবে। এখন থেকে যদি কোনো হারানো কার্ড প্রাপ্তির আবেদন ইসি সচিবালয়ে পাঠানো হয়, তাহলে এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

নির্দেশনাটি আরো উল্লেখ করা হয়, এনআইডি সেবা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে আঞ্চলিক পর্যায় হতে হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণ ও বিতরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হারানো কার্ড মুদ্রণের জন্য আঞ্চলিক অফিসের স্টাফদের হাতে কলমে মুদ্রণের প্রশিক্ষণ দেয়া হয়েছে। নতুন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এবং যেভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সেভাবে মুদ্রণ করতে হবে।

আঞ্চলিক পর্যায়ে হারানো আইডি কার্ড মুদ্রণে কারো কোন সমস্যা হলে “Problem Solution Management System (PSMS)” এর মাধ্যমে এনআইডি উইং এর আইসিটি শাখাকে জানাতে হবে। আইটি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোন অঞ্চলের দায়িত্বপ্রাপ্তরা হারানো কার্ড মুদ্রণের পদ্ধতি সম্পর্কে পার্শ্ববর্তী অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা নিতে পারেন বলে সেখানে বলা হয়।

Share





Related News

Comments are Closed