Main Menu

সিলেটে নির্বাচন বাতিলের দাবি আরিফের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের মেয়রপদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার দুপুরে নগরীর মাছিমপুরস্থ নির্বাচন অফিসে সিটি নির্বাচনের রির্টানিং অফিসারের কাছে তিনি এ দাবি জানান। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নগরীর আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এমসি কলেজ কেন্দ্র, হাতিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খাসদবির কেন্দ্রসহ নগরীর বেশিরভাগ কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল দিয়েছে।

তারা প্রার্থীদের এজেন্টদের তাড়িয়ে দিয়ে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ভোট জালিয়াতি করছেন। আইনশৃঙ্খলাবাহিনীসহ সকলের সামনেই এমন ঘটনা ঘটছে। কিন্তু কেউ কোন অ্যাকশন নিচ্ছেনা। এমন নির্বাচন অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি।

পরে তিনি নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের সাথে আলাপকালেও এমন মন্তব্য করেন।

এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা বা নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন- আমি নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো। সরে দাঁড়াবো না।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের আরিফ বলেন, “আমি গতরাতে (রোববার) শুনেছি সিলেট নগরীর দুইটি কেন্দ্রে রাতের বেলায় সিল মারা হয়েছে। তবে আমি এখনো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত।”

এসময় তিনি অভিযোগ করে বলেন, “ভোট কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না।”

তিনি আরো বলেন, “নির্বাচনে যদি অনিয়ম হয়, ফলাফল পাল্টে দেয়া হয়, তবে রাজপথ ছাড়বো না, প্রয়োজনে শাহাদাত বরণ করব।”

এদিকে সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানান, কোন ভোটকেন্দ্রে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল আছে বলে দাবি করেন তিনি।

সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Share





Related News

Comments are Closed