Main Menu

সিলেটে প্রচারণা থেকে দুই কর্মী আটক, আরিফের অবস্থান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে প্রচারণা চালানোকালে দুই কর্মীকে আটক করা হয়েছে-এমন অভিযোগ করে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে অবস্থান নেন সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ নেতাকর্মীরা।

প্রচারণা বাদ দিয়ে শনিবার বিকেল পৌণে ৩টা থেকে তারা নগরীর উপশহরস্থ উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন।

আরিফসহ ধানের শীষের কর্মী-সমর্থকদের দাবি, শুক্রবার রাতে নগরীর ঝালোপাড়ার ১০৮নং বাসা থেকে রাসেল আহমদ ও সুমন আহমদ নামক তাদের ২ কর্মীকে ধরে নিয়েছে পুলিশ।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সহ সভাপতি ডা. নাজমুল হক, ছালেহ আহমদ খসরু, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে প্রায় আড়াই ঘন্টা অবস্থানের পরও আটক ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেয়নি পুলিশ। তাদের সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফলে বেলা সাড়ে ৪টার দিকে অবস্থান তুলে নিয়ে নেতৃবৃন্দদের নিয়ে বাসায় ফিরে যান আরিফুল হক। আদালতের মাধ্যমে কর্মীদের ছাড়িয়ে আনবেন বলেও এসময় ঘোষণা দেন তিনি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ জানান, শুক্রবার রাতে আরিফের প্রচারণায় অংশ নেওয়া দুই কর্মীকে আটক করা হয়েছে। সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে রাসেল আহমদ এবং সুমন আহমদ নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ সিলেটের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে। কোনো মামলা-ওয়ারেন্ট ছাড়াই আমার কর্মীদের ধরপাকড় করছে। সিলেটে এই ধরণের কর্মকান্ড সহ্য করা হবে না। আমরা এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ বলেন, ওসমানীনগর থানার একটি মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে রাসেল ও সুমনকে আটক করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

এর আগে এক কর্মীকে আটকের অভিযোগে গত ১২ জুলাই মধ্যরাতে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়েছিলেন সিসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রায় ৪০ মিনিট অবস্থানের পর সে রাতে আটক কর্মীকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছিলেন আরিফ।

Share





Related News

Comments are Closed