Main Menu

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় বাস-ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার খাজাখালু গ্রামের আশিক আলীর ছেলে মাহবুবুল আলম (৩০), জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি এলাকার চাতড়ি গ্রামের গ্রামের অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৪৫) ও ওসমানীনগর উপজেলার তাজপুরের জ্যোতিন বিশ্বাস চক্রবর্তীর স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)। মাহবুব মোটরসাইকেল আরোহি এবং কাজল ও শিউলি বাসযাত্রী ছিলেন।

মাহবুব ও কাজল ঘটনাস্থলেই নিহত হন। আহত হওয়ার পর শিউলিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান তিনি।

শিউলি চক্রবর্তীর আত্মীয় অরুণ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিববার দুপুরে সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা আরেকটি বাস ও মোটরসাইকেলের মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৩০ জন আহত হন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ গুলো উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed