Main Menu

মেয়র প্রার্থী সেলিমের সংবাদ সম্মেলন রবিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিমের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উক্ত সম্মেলন রবিবার (৮ জুলাই) সকাল ১১টায় নগরীর দরগাগেইট সংলগ্ন হোটেল হলিসাইডে অনুষ্ঠিত হবে।

এতে সিলেটে কর্মরত সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বদরুজ্জামান সেলিম।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনীত করেন। দলের মধ্যে প্রথমে বিভেদ থাকলেও পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মেনে নেন। তবে এ সিদ্ধান্ত এখনো মেনে নিতে পারেননি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন আগে রোববার সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার অবস্থানের কথা জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ‘বিদ্রোহী’ এই নেতা।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে তার প্রার্থীতা নিয়ে খোলামেলা কথা বলবেন। তবে, মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিনে তার সংবাদ সম্মেলন আহ্বান নিয়ে অনেক জল্পনার সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে দেখা দিয়েছে নানা কৌতুহলও। তিনি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন, নাকি অন্য কিছু। যদিও তিনি এসব কিছু নাকচ করে দিয়েছেন।

বদরুজ্জামান সেলিমের একটি নির্ভরশীল সূত্র জানিয়েছে, তিনি দলীয় প্রার্থী নন। স্বতন্ত্র হিসেবে তিনি নাগরিক কমিটির প্রার্থী। তাই সংবাদ সম্মেলন করে এদিন নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেবেন।

সিলেট নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেতা বলছেন, ‘প্রার্থীতা প্রত্যাহারের জন্য নির্বাচনে আসিনি। আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠেনা। আর এসব বিষয় খোলাসা করতেই সংবাদ সম্মেলন আহ্বান করেছেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য সাবেক মেয়র দলের কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি ছাড়াও দলের পাঁচ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে বদরুজ্জামান সেলিমও ছিলেন। যদিও অন্যরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আরিফের সাথে কাজ করছেন; কিন্তু মাঠ ছাড়তে নারাজ সেলিম। তিনিও তার সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নগরী।

Share





Related News

Comments are Closed