Main Menu

উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ফ্রান্স। শুক্রবার নিজনি নভগোরোদে এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দু’টি করেন রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজমান। জয়ের উৎসবে সেমিফাইনালে ওঠার আনন্দে মাতোয়ারা ফ্রান্স। অন্যদিকে কোয়ার্টার থেকেই বিদায় নিলো কাভানিবিহীন উরুগুয়ে।

নিজেকে হয়তো কখনও মাফ করতে পারবেন না ফের্নান্দো মুসলেরা। বিশ্বকাপের মঞ্চে এত বড় ভুলের ধাক্কা হয়তো সারা জীবন বইতে হবে তাকে। লাইনে থেকেও আটকাতে পারলেন না বল! তার ‘ফসকে’ যাওয়া বলের মতো ম্যাচটাও হাত থেকে বেরিয়ে গেল উরুগুয়ের।

ভারানের হেডে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ঘুরে এসে তাই গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সমতায় ফেরা তো দূরে থাক, উল্টো ৬১ মিনিটে আরও পিছিয়ে যায় গোলরক্ষক মুসলেরার ভুলে। বক্সের বাইরে থেকে গোলমুখে শট করেছিলেন গ্রিজম্যান। বিপদের কোনও সম্ভাবনাই ছিল না, কারণ একেবারে লাইনেই ছিলেন মুসলেরা। কিন্তু বল তার দুই হাতের আঙুল ফসকে উঠে যায় উপরে। এরপর উরুগুইয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল আশ্রয় নেয় জালে।

ওই গোলের পর মানসিকভাবে ভেঙে পড়ে উরুগুয়ে। লাতিন আমেরিকার দলটি চেষ্টা করেছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু পারেনি এদিনসন কাভানিবিহীন ‘লা সেলেস্তে’।

ফ্রান্সের আক্রমণ বনাম উরুগুয়ের রক্ষণের লড়াইটা বেশ জমেছিল। ডিয়েগো গোদিন ও হোসে গিমিনেসকে নিয়ে গড়া লাতিন দেশটির রক্ষণভাগকে ফাঁকি দিতে পারছিলেন না কাইলিয়ান এমবাপে ও আন্তোয়ান গ্রিজমান। শেষ পর্যন্ত এক ডিফেন্ডারের ছোঁয়ায় খোলে উরুগুয়ের গোলপোস্টের তালা। ৪০ মিনিটে চমৎকার এক হেডে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে নেন ভারান।

ফ্রি কিক পেয়েছিল ফরাসিরা। আন্তোয়ান গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক বক্সের ভেতর থেকে লাফিয়ে হেড করেন ভারান, বল ভাসতে ভাসতে পোস্টের কোণা দিয়ে জড়িয়ে যায় জালে। ওই গোলটাই প্রথমার্ধে এগিয়ে রাখে ‘লে ব্লুজ’কে।

বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন ১-১ হয়ে যেতে পারতো। উরুগুয়ের ভাগ্য সহায় না হওয়ায় এবং গোলরক্ষক উগো লরির দুর্দান্ত সেভে রক্ষা পায় ফ্রান্স। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে লুকাস তোরেইরার নেওয়া ফ্রি কিকে হেড করেছিলেন মার্তিন কাসেরেস। এই ডিফেন্ডারের হেড লাফিয়ে এক হাতে ফেরান ফরাসি গোলরক্ষক লরি। ফিরে আসে বলে ডিয়েগো গোদিন শট করলেও চলে যায় পোস্টের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সের দুর্দান্ত ফুটবলের সামনে আরও এক গোল হজম করে উরুগুয়ে। ফলে ২-০ গোলের জয় নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে ১৯৯৮ এর বিশ্বচ্যাম্পিয়নরা। ২-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা ফ্রান্স শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে রাত ১২টায় মাঠে নামা ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

বিশ্বকাপের ইতিহাসে এটা উরুগুয়ে ও ফ্রান্সের তৃতীয় দেখা। দুটি ম্যাচ (২০০২ ও ২০১০) ড্র হয়েছে। ১৯৬৬ সালে জিতেছিল ফ্রান্স।

Share





Related News

Comments are Closed