Main Menu

সিসিকের মেয়র পদে মনোনয়ন জমা দিলেন সেলিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল পৌনে ৪টার দিকে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন জমা দেয়ার আগে বদরুজ্জামান সেলিম বলেন, দলের অধিকাংশের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার। কিন্তু দলীয় হাইকমান্ড দলীয় নেতাকর্মীদের মতামতের বাইরে গিয়ে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। আমি এর প্রতিবাদ সাথে সাথেই জানিয়েছি। আশা করি আগামী ৩০ জুলাই নির্বাচনের দিন ভোটের মাধ্যমেই জনগণ ও দলীয় নেতা-কর্মীরা তাদের জবাব দেবে।

তিনি আরও বলেন, আমার সাথে সিলেট বিএনপি পরিবারের বেশির ভাগ নেতা-কর্মী রয়েছেন। তবে তারা প্রকাশ্যে আসবেন না। গোপনে ব্যালটের মাধ্যমে আমার পক্ষে কাজ করবেন। তৃণমূল থেকে আমার প্রার্থিতার ব্যাপারে জোর দাবি জানানো হয়েছিল। তাদের দাবির প্রেক্ষিতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবো। নির্বাচনের দিনই প্রমাণিত হবে বিএনপি ও সিলেট নগরবাসী মেয়র হিসেবে কাকে চায়।

প্রসঙ্গত, বুধবার (২৭ জুন) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। দলের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় বদরুজ্জামান সেলিমও ছিলেন। কিন্তু দল তাঁকে মনোনয়ন না দেয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি।

Share





Related News

Comments are Closed