Main Menu

২৫ তলা ভবন বেয়ে ওঠা যে প্রাণীটি নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : ছোট আকারের ভালুকজাতীয় মাংশাসী প্রাণী ‘র‍্যাকুন’ সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। সাধারণত এরা ভীতু প্রকৃতির হয়ে থাকে। কিন্তু মঙ্গলবার (১২ জুন) একটি র‍্যাকুন এই ধারণার বেশ বিপরীত একটি কাজ করেছে।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রাজধানী সেইন্ট পলের ২৫ তলা উঁচু ইউবিএস টাওয়ারের দেয়াল বেয়ে একেবারে উঁচুতে পৌঁছে এই মাংশাসী প্রাণীটি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

সাধারণত এরা নাগরিক পরিবেশ থেকে দূরেই থাকে। তবে ব্যতিক্রম এই র‍্যাকুনটিকে প্রথমে ইউবিএস টাওয়ারের গলিতে দেখা যায়। সেখানকার মেরামত কর্মীরা প্রাণীটিকে নিরাপদ স্থানে রেখে আসে। কিন্তু সে স্থান তার পছন্দ হয়নি। কিছুক্ষণ বাদেই ইউবিএস টাওয়ার নামে শহরের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি বেয়ে উপরে ওঠা শুরু করে।

দ্য গার্ডিয়ান লিখেছে, এই প্রতিবেদন লেখার সময় প্রাণীটি ভূমি থেকে ২০০ ফুট উচ্চতায় ভবনের ২২তম তলায় একটি জানালার বাইরে অবস্থান করছিল।

স্থানীয় রেডিও স্টেশন এমপিআর প্রথমে এই র‍্যাকুন দুঃসাহসিকতার খবর প্রকাশ করে। এরপরই ইন্টারনেটে শুরু হয় তার দেয়াল বেয়ে ওঠার ভিডিও আর ছবি শেয়ার। তার এই যাত্রার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একের পর এক শেয়ার দিতে থাকেন #এমপিআরর‍্যাকুন ক্যাপশন দিয়ে।

২২ তলা ওঠার পর কিছুক্ষণ বন্ধ জানালার পাশে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেখা যায় প্রাণীটিকে। রাতে র‍্যাকুনটিকে পুনরায় নিচে নেমে আসতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Share





Related News

Comments are Closed