Main Menu

বিআরটিসি বাসের ঈদ টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৫জুন) থেকে বিআরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে মতিঝিলে বিআরটিসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তাছাড়া রাজধানীতে চলমান খোঁড়াখুঁড়ি আপাতত বন্ধ রাখারও নির্দেশ দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, যে ফ্লাইওভারগুলো নির্মাণাধীন আছে সেগুলো ২১ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আমি। যেসব কাজ ভোগান্তি সৃষ্টি করবে, সেগুলো বন্ধ রাখতে হবে। ঈদের পরে আবার শুরু করা যাবে। কিন্তু ঈদে জনগণের যেন কোনো রকম ভোগান্তি না হয়।

বিআরটিসি বাসের টিকিট বিক্রি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মঙ্গলবার ১৩ জুনের টিকেট বিক্রি করা হবে। ঈদের আগের দিন পর্যন্ত এ বাস সার্ভিস চলবে। এর আওতায় ঢাকা মহানগরীর ৬টি বাস ডিপোসহ গাজীপুর ও নারায়ণগঞ্জের ৮টি ডিপো থেকে মোট ৪৭৫টি বাস প্রতিদিন বিভিন্ন গন্তেব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া ঢাকা মহানগরীতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে। দেশের অন্যান্য অঞ্চলের ১১টি ডিপো থেকে আন্তঃজেলার মধ্যে ৩৭৫টি বাস চলাচল করবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ঈদের দুই দিন আগে থেকে বিআরটিসির ঢাকা মহানগরীর ৬ ডিপো ও গাজীপুর-নারায়ণগঞ্জের ৮ ডিপো থেকে উত্তরবঙ্গগামীসহ দেশের বিভিন্ন গন্তব্যের কারখানা শ্রমিকদের পরিবহন সেবা দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed