Main Menu

ভোলাগঞ্জে ৫টি বোমা মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ (সিলেট) সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় মঙ্গলবার টাস্কফোর্স অভিযান চালিয়েছে। সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ের সংরক্ষিত (বাংকার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টানা চার ঘন্টার এ অভিযানে ৫টি বোমা মেশিন (অবৈধ পাথর উত্তোলন যন্ত্র) জব্দ করে ধ্বংস করা হয় এবং ২টি মেশিন ট্রাক্টরে করে থানায় নিয়ে আসা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এদিকে, রেলওয়ে রোপওয়ের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে টাস্কফোর্স সূত্রে জানা গেছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান আরো জোরদার করা হবে।

Share





Related News

Comments are Closed