Main Menu

মাহিদ হত্যার ঘটনায় রাসেল ৫দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাবি ছাত্র মাহিদ আল সালাম হত্যার ঘটনায় রাসেল নামের আরো এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে দক্ষিণ সুরমার কাস্তরাইল এলাকার বারখলা থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এই হত্যার ঘটনায় আগেই গ্রেপ্তার হওয়া মির্জা আতিকের স্বীকারোক্তির ভিত্তিতে রাসেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

তিনি বলেন, আগে গ্রেপ্তার করা দুই আসামীর সাক্ষ্যের ভিত্তিতে বুধবার রাতে রাসেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেট মহানগর হাকিম (এমএম-১) আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ‘রাসেলকে গ্রেফতারের পর দুপুরে আদালতে তোলা হয়। রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ায় তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এনিয়ে হত্যাকান্ডের মামলার চার আসামীর মধ্যে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। অন্যজনকেও গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান তিনি।
এদিকে, ঘটনার পরদিন মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা এলাকা থেকে মির্জা আতিক নামের আরেক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারের পর পুলিশের নিকট পুরো ঘটনার বর্ণনা দেয় আতিক। পরে আদালতে স্বীকারোক্তিও দেয় সে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে তায়েফ মো: রিপনকে (২৩) গ্রেফতার করা হয়। রিপনকে বুধবার দুপুরে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার দিবাগত রাত ১টার দিকে মাহিদকে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। অধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় মাহিদের চাচা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিম হাসান জেবুল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed