Main Menu

গণপরিবহনে ১৩ মাসে ২১ নারীকে যৌন নির্যাতন

বৈশাখী নিউজ ডেস্ক: কর্মস্থলে, চলার পথে সর্বদা সর্বত্র যৌন হয়রানির মুখে পড়তে হচ্ছে নারীদের। এই প্রতিকূলতা মোকাবিলা করেই প্রতিদিন পথ চলতে হয় তাদের। এক জরিপে দেখা গেছে, দেশে গণপরিবহনে গত ১৩ মাসে ২১ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানায় সংগঠনটি।

পর্যবেক্ষণে দেখা যায়, এসব ঘটনার মধ্যে চালক-হেলপারসহ অপরাপর সহযোগীদের দ্বারা গণধর্ষণের ঘটনা ৯টি। ধর্ষণের ঘটনা ৮টি, শ্লীলতাহানির ৪টি ঘটনা সংগঠিত হয়। এসব ঘটনায় ৫৫ আসামিকে পুলিশ গ্রেফতার করে। প্রতিটি ঘটনায় মামলা হলেও ৯ এপ্রিল ২০১৭ মানিকগঞ্জে সংগঠিত গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে যেসব ঘটনায় মামলা হয়েছে তার প্রতিটিতেই পুলিশ ও সংবাদপত্রের অভাবনীয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

পর্যবেক্ষণ মতে, গত বছরের ২১ জানুয়ারি রাজধানীর দারুসসালামে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগে গাবতলী-নবীনগর রুটের বাসচালক ও হেলপারের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ২১ জানুয়ারি শনিবার গাবতলী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গাড়ির চালক ও হেলপারকে আটক করে।

১৩ মার্চ ইজিবাইকে করে চুয়াডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গায় ফিরছিলেন এক স্কুলছাত্রী। ইজিবাইকের ভাড়া মেটাতে না পারার কারণে চালক তাকে ফাঁদে ফেলে আরও তিনজনসহ গণধর্ষণ করে।

৯ এপ্রিল ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে স্বামীর সামনে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী এসআই পরিবহনের বাসটি ছিন্তাই করে তাতে আইে ঘটনা ঘটানো হয়।

২৫ এপ্রিল খিলগাঁওয়ে এক গৃহবধূকে মাইক্রোবাসে যৌন নির্যাতনের পর ওই মাইক্রোবাসে চাপা দিয়ে হত্যা করা হয়। ১৯ এপ্রিল ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনে ২-৩ জন বখাটের হাতে যৌন নির্যাতনের শিকার হয় এক নারী।

এছাড়া ২১ মে কুড়িল বিশ্বরুটে মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণের শিকার হয়। ১৩ মে ময়মনসিংহের চুলখাই এলাকায় বাসচালক ও হেলপার মিলে ধর্ষণ করে এক তরুণীকে, ১১ মে রাজধানীর অদূরে সোনারগাঁওয়ে বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণ করে বাসচালক ও তার সহযোগী, ৩ মে আশুলিয়ার বাস কাউন্টার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানায়।

৩১ জুলাই কুড়িগ্রাম রৌমারীতে পদ্মা পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় এক কিশোরী।

১ আগস্ট গাজীপুর থেকে নারায়ণগঞ্জ আসার পথে ট্রাকচালক মেহেদী হাসান ও হেলপার সোহান মিলে এক কিশোরীকে চলন্ত ট্রাকে গণধর্ষণ করে। পরে পুলিশ ট্রাকচালককে আটক করে।

৮ আগস্ট রাজধানীর বনানীতে এক তরুণীকে প্রাইভেটকারে তুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় ইমরান হোসেন নামের এক ব্যক্তি। এই ঘটনায় ইমরানরকে গ্রেফতার ও গাড়িটি জব্দ করে পুলিশ।

১১ আগস্ট ময়মনসিংহের মুক্তাগাছায় লেগুনার চালক জয়নাল আবেদিন ও হেলপার রিপন মিলে ওই এলাকার এক মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করলে পুলিশ চালক ও হেলপারকে আটক করে।

২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহে যাওয়ার পথে টাঙ্গাইলের মধুপুর এলাকায় চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় জাকিয়া সুলতানা রুপা। গণধর্ষণের পর ঘাড় মঠকে তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ তার বেওয়ারিশ লাশ উদ্ধার করে।

১২ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে লোহাগাড়া যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বার আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় বাসে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মাদক সেবনের অভিযোগে বাসচালক জনি বড়ুয়া ও হেলপার মো. এহসানকে এক বছরের কারাদণ্ড দিয়েছে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম।

২৭ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নগরীর বহদ্দারহাটে যাওয়ার পথে চলন্ত বাসে চালক রাশেদুল ইসলাম ও সহকারী ইমতিয়াজ উদ্দিন এক তরুণীকে গণধর্ষণ করে। পরে তরুণী থানায় মামলা করলে পুলিশ তাদের আটক করে।

৩ নভেম্বর গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় নৌকায় তুলে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করে ৪ বখাটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

২১ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে বাসচালক পারভেজ।

এছাড়া চলতি বছরের ২২ জানুয়ারি কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে নদীয়ার রেল স্টেশনে বাংলাদেশি এক নারী যাত্রী শ্লীলতাহানির শিকার হয়। এ বিষয়ে ওই নারীর স্বামী জিআরপির সংশ্লিষ্ট শাখায় অভিযোগ করেন।

৫ ফেব্রুয়ারি নরসিংদীতে বাসের ভেতরে এক নারীকে শ্লীলতাহানি করে বাসচালক ইসমাইল হোসেন ও তার চার সহযোগী। জেলার শিবপুরের পুরানদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ১০ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় বাসে আটকে রেখে ১৩ বছরের এক কিশোরী পোশাককর্মীকে ধর্ষণ করে বাসের হেলপার হাফিজুল ইসলাম। পরে পুলিশ অভিযুক্ত হেলপারকে আটক করে।

Share





Related News

Comments are Closed