Main Menu

জয়পুরহাটে আলু বেশি দামে বিক্রি করায় খুশি কৃষকরা

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: বেশি দামে আলু বিক্রি করতে পারায় জয়পুরহাটের কালাইয়ের আলু চাষীরা উৎফুল্ল। আবহাওয়া অনুকূলে
থাকায় এবার আলুর ফলন ভাল হয়েছে। দামও পাচ্ছেন ভাল। এবার আর লোকশান নয়, বরং উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখেছেন চাষীরা।

জয়পুরহাটের কালাই পৌরসভাসহ উপজেলার আহম্মেদাবাদ, মাত্রাই, উদয়পুর, পুনট ও জিন্দারপুর ইউনিয়নের আলু চাষীরা আগে ভাগেই দ্রুত বর্ধনশীল জাতের গ্রানোলা, লরা, মিউজিকা, ক্যারেজ, রোমানা ও ফাটা পাকরি আলু তুলে বিক্রি করছেন। প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে বীজ, জমি চাষ, সার-ওষুধ, সেচ, নিড়ানো ও বাঁধাই, আলু উত্তোলনসহ সবমিলে চাষীদের উৎপাদন খরচ হয়েছে গড়ে ১৩ হাজার টাকা। আগাম জাতের এসব আলুর ফলন হয়েছে শতকে ৫০ থেকে ৬০ কেজি। অর্থাৎ বিঘা প্রতি ফলন হয়েছে ৪০ থেকে ৫০ মণ।

চাষীরা প্রতি মণ আলু বিক্রি করছেন ৫’শ থেকে ৬’শ টাকা দরে। আলু বিক্রি করে সব খরচ বাদ দিয়ে চাষীদের বিঘা প্রতি লাভ থাকছে ১০ থেকে ১২ হাজার টাকা।
পৌরসভার থুপসাড়া মহল্লার আলু চাষী মুকুল সরদার জানান, এবার তিনি ৪ বিঘা জমিতে মিউজিকা জাতের আগাম আলু চাষ করে ১৫ দিন আগে তুলেছেন। ফলন পেয়েছেন ১শ ৯০ মণ। ৩৩ শতকের প্রতি বিঘায় তার খরচ হয় ১৪ হাজার টাকা। ৪ বিঘা জমির আলু তুলে সব খরচ বাদে লাভ করেছেন ৫৫ হাজার টাকা।

উপজেলার বেগুনগ্রামের কৃষক আহসান হাবীব চৌধুরী জানান, ৪দিন আগে ৫৭ শতক আলু তুলে ৪৪০ টাকা মণ দরে বিক্রি করেছেন। এতে তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। আলু বিক্রি করেছেন ৬২ হাজার টাকায়। সব খরচ বাদে তার লাভ হয়েছে ৩৮ হাজার টাকা।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, চলতি মৌসুমে উপজেলার ১২ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এবারের আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। ভাল দাম পাওয়ায় কৃষকরা খুশি।

Share





Related News

Comments are Closed