Main Menu

প্রধানমন্ত্রী সিলেট আসছেন মঙ্গলবার, নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামীকাল মঙ্গলবার (৩০জানুয়ারী) সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাঁর এই সফর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু করছেন। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও পরে জনসভার মাধ্যমে তিনি এ নির্বাচনী সফর শুরু করবেন। চলতি বছরের এপ্রিলে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন ও চলতি বছরের সংসদ নির্বাচনের জন্য আগাম প্রচারনা তিনি সিলেট থেকেই শুরু করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো সিলেট জুড়ে নিশ্চিন্দ্র নিরাপত্তা সৃষ্টি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। থাকছে চার স্তরের নিরাপত্তা বলয়। পাশাপাশি নগরীতে প্রায় একশ’টি চেক পোস্ট স্থাপন করা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর জনসভাস্থল সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে দুটি ওয়াচ টাওয়ারও। ওয়াচ টাওয়ার থেকে সিসি ক্যামেরার সাহায্যে জনসভাস্থল এবং জনসভা মঞ্চ পর্যবেক্ষণ করা হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: আব্দুল ওয়াহাব জানান, সিলেটে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। এর মধ্যে রয়েছে, পোশাকধারী পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ, র‌্যাব ও এপিবিএন। তিনি জানান, আলীয়া মাঠে নির্মিত ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষনিক জনসভাস্থল মনিটরিং করা হবে। জনসভার আশ-পাশ এলাকাও সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষন করা হবে বলে জানান তিনি।
এর বাইরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরাও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বলেও জানান তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব পড়েছে সিলেটে। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা স্থল থেকে শুরু করে আশেপাশে এলাকা ব্যানার-বিলবোর্ড আর পোস্টারে ছেয়ে গেছে। সড়ক জুড়ে নির্মাণ করা হয়েছে ফটকও। জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ সোমবার মাইক সংযোগ দেওয়া হবে মাঠে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন তিনি সিলেটের বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এ কারণে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তাঁর জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।’
‘প্রধানমন্ত্রীর জনসভা থেকে আগামী জাতীয় সংসদ এবং সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত কিছু দিক নির্দেশনা আসতে পারে। যার কারণে নেতাকর্মীরা এই সফরে অনেকটাই উজ্জিবিত বলে উল্লেখ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।’
প্রধানমন্ত্রীর এ আগমনকে সফল করতে আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ একসাথে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন সড়কে সাজানো হয়েছে রঙ্গিন পোষ্টার, বিলবোর্ড ও ফেষ্টুন। চারদিক সেজে আছে ব্যানার ফেষ্টুন তোড়নে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মাইকিং।
সিলেট সরকারী আলীয় মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা সকলেই একসাথে রাস্তায় প্রচারনাপত্রও বিলি করছেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে সাফল্যমন্ডিত করতে জেলা প্রশাসনও বার বার মতবিনিময় সভার আয়োজন করছে আওয়ামলীগের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষকদের সাথে।
নগরীর বিভিন্ন সড়কের সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়েছে। সাজানো হয়েছে সড়কের রোড ডিভাইডারগুলোও।
প্রধানমন্ত্রীর জনসভায় ব্যাপক লোক সমাগম ঘটাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও আসছেন সিলেট সফরে।
নগরী ঘুরে দেখা গেছে, শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে পুরোনগরী। নগরীর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের পোস্টার। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করেছেন স্থানে স্থানে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য তোরণ। এক্ষেত্রে পিছিয়ে নেই সংসদ নির্বাচন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরাও।
এছাড়া সিলেট আওয়ামী লীগের বাহিরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের ছবি সংবলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন নগরীতে শোভা পাচ্ছে। জনসভাকে সফল করতে গত সোমবার থেকে নগরীসহ সিলেটের উপজেলা গুলোতে মাইকিং করা হচ্ছে। মাইকিং করার পাশাপাশি মহানগর সহ বিভিন্ন জেলায় আমন্ত্রণ জানিয়ে লাগানো হয়েছে সমাবেশের পোস্টার।
এদিকে সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৮টি প্রকল্পের উদ্বোবন করবেন তার মধ্যে ২০টি প্রকেল্পর উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক রাহত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৫টি প্রকল্পসহ ৩৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এবারের সফরসুচীতে উদ্বোধনী তালিকায় রয়েছে- হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্য বর্ধন এবং মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন, পিরোজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি কর্পোরেশনের ১২তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ- সিলেট সড়ক, রশিদপুর- বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট- গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, ঢাকা(কাঁচপুর)- ভৈরব-জগদীশপুর- শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিনতলা বিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।
ভিত্তিপ্রস্তর স্থাপন তালিকায় রয়েছে- হজরত শাহজালাল (র:) মহিলা ইবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সিলেটে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অভ্যন্তরে নার্সিং হোস্টেল ভবন নির্মাণ, সিলেট পুলিশ লাইনে এসএমপির ব্যারাক নির্মাণ, সিলেট পুলিশ লাইনে অস্ত্রাগার নির্মাণ, এসএমপির কোতোয়ালী মডেল থানার কম্পাউন্ডে ডরমেটোরি ভবন নির্মাণ, তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণ, সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ পুলিশ লাইনস নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতকরণ, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) ও জেলা পরিবার পরিকল্পনা সিলেটের অফিস ভবন নির্মাণ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগব্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বাড়ইগ্রাম মহাসড়কের ৯.৬০ কিলোমিটার উন্নয়ন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ভবনের ৪র্থতলা হতে ১০তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ।
সফরসুচী অনুযায়ী ৩০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় একই মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বেন তিনি।

Share





Related News

Comments are Closed