Main Menu

‘শাবিতে হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়’

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলাকারীরা নিজেদের সংগঠনের কেউ নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ইমরান খান। হামলার পরপরই বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি করেন।
এ সময় সাংবাদিকরা হামলাকারীদের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করলে তারা হামলাকারীদের ছাত্রলীগ কর্মী হিসাবে স্বীকার করলেও তাদেরকে (হামলাকারীদের) দুষ্কৃতকারী হিসাবে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তাকিম আহমেদ মোস্তাক, তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ প্রমূখ।
এদিকে, হামলার বিষয়ে জানতে চাইলে মুশফিকুর রহমান ভূইয়া নিজেকে পরীক্ষিত ছাত্রলীগ কর্মী দাবি করে বলেন, বামপন্থীরা আমাকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তখন আমি তাদের গেইট খুলে দিতে অনুরোধ করি। কিন্তু তারা উল্টো আমার উপর চড়াও হয়। তখন একটু ঝামেলা হয়। এতে সাব্বির আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, সোমবার সকালে শাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের ৫ জন নেতা-কর্মী আহত হয়। ছাত্রফ্রন্টের আহতরা হলেন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস, কর্মী মঈনুদ্দিন মিয়া, জয়দ্বীপ দাশ, ইংরেজী বিভাগের শিক্ষার্থী শুভম ঘোষ।

Share





Related News

Comments are Closed