Main Menu

পুঁজিবাজার ফটকাবাজির জায়গা নয় : অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজি বাজার ফটকা বাজার নয়। যারা এটা মনে করে তারা পুঁজি বাজারের শত্রু। বর্তমান সরকার দীর্ঘ ৭ বছর ধরে পুঁজি বাজারের ভিত্তি শক্ত করতে সমর্থ হয়েছে। পুঁজি বাজার বিকাশের সময় এখন।
শনিবার (২০ জানুয়ারী) দুপুরে সিলেট নগরীর আরামবাগে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এ্যাক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আইপিও বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজার ব্যাপক প্রসার লাভ করবে, ফলে শিল্প ও বিনিয়োগ খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আর্থিক সক্ষমতা বাড়বে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পুঁজিবাজারে এক সময় কোনো শৃঙ্খলাই ছিলো না। গত ৭ বছরের চেষ্টায় বিএসইসি এখানে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে।
অর্থমন্ত্রী বলেন, জনগণের ক্ষমতায়নে পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ। কেবল ভাগ্যের উপর নির্ভর না করে জেনেশুনে এ মার্কেটে বিনিয়োগ করা উচিৎ।
বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এটি এখন আন্তর্জাতিক মানের একটি বাজারে পরিণত হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার যাবতীয় সমস্যা পেরিয়ে এখন একটি দ্রুত বিকাশমান খাত। আগামী দুই বছরে এ বাজারের অবস্থান ও ভিত্তি আরও মজবুত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
আয়োজিত মেলায় ৮ বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে শেয়ার কেলেঙ্কারি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, জড়িতদের বিরুদ্ধে অনেক মামলার কার্যক্রম চলছে। মেলা শেষ হয় বিকেলে।

Share





Related News

Comments are Closed