ডিএনসিসির নির্বাচনী তফসিল ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনএসসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং এই সিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৮ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করে এ তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৮ জানুয়ারি, যাচাই বাছাই ২১ ও ২২ জানুয়ারি, প্রত্যাহার ২৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ৩০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ২৬ ফেব্রুয়ারি।
গত বৃহস্পতিবার কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আলাদাভাবে ঢাকার দুই সিটিতে তিনটি তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন ১৮টি করে সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে সংরক্ষিত ওয়ার্ড যুক্ত হয়। এগুলোতে এখনো কোনো নির্বাচন হয়নি। ২৬ ফেব্রুয়ারি এসব ওয়ার্ডেও নির্বাচন হবে। এসব ওয়ার্ডের কাউন্সিলর যারা নির্বাচিত হবেন তাদের মেয়াদ কত দিন হবে, এ বিষয়ে সিটি করপোরেশন আইনে কিছু উল্লেখ না থাকলেও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, বর্তমান পরিষদের মেয়াদ যত দিন বাকি আছে নতুন ওয়ার্ডগুলোতে নির্বাচিতদের মেয়াদ হবে তত দিনই থাকবে। মেয়াদ নির্ধারণ করা নিয়ে কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ করপোরেশনে ভোট হয়। আওয়ামী লীগের সমর্থনে ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সদ্য প্রয়াত আনিসুল হক। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর তার মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে ওই পদটি শূন্য ঘোষণা করে। আইন অনুযায়ী ৯০ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। এ ছাড়া দুই সিটির আশপাশের ইউনিয়নযুক্ত করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ড গঠন করে স্থানীয় সরকার বিভাগ। এরপর গত ৮ আগস্ট এসব ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট করতে ইসিকে অনুরোধ জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে ডিএনসিসিতে সাধারণ ওয়ার্ড ( আগের ৩৬+ সংযুক্ত নতুন ১৮) ৫৪টি; সংরক্ষিত ওয়ার্ড (আগের ১২+ নতুন ৬) ১৮টি; ভোটকেন্দ্র ( আগের ১০৯৩+ নতুন ২৫৬) ১৩৪৯টি (সম্ভাব্য); ভোটকক্ষ ৭৫১৬টি (সম্ভাব্য); অস্থায়ী ভোটকক্ষ (আগের ২৭৭+ নতুন ৬৮) ৩৪৫টি (সম্ভাব্য)।
এ ছাড়া ডিএনসিসিতে বর্তমান ভোটার সংখ্যা ২৯ লাখ ৪৮ হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ জন এবং নারী ভোটার ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে এই সিটিতে মোট ভোটার ছিল ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন এবং নারী ভোটার ছিল ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।
ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ২৩৩টি; ভোটকক্ষ ১২৪০টি, অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৫৬টি। এসব ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ০৯৪ জন।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed