রসিক নির্বাচনে লাঙ্গল এগিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে নৌকা ও ধানের প্রতীকের চেয়ে লাঙ্গল বেশ এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত মোট ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং অফিস। ঘোষিত ৭৪টি কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীকে ৫৭,৬৬০ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র শরফ উদ্দিন ঝন্টু পেয়েছেন ১৯,৯৮৯ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৯,৯১৬ ভোট।
শহরের কাছারিবাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।
এদিকে স্থানীয় সূত্রে ১০৬টি কেন্দ্রের ফল জানা গেছে। সূত্রমতে, এসব কেন্দ্রে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৯৯,৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩৪,৯৩২ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৯,৮৭৫ ভোট।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেন্দ্রের বেসরকারি ফল জানানোর মাধ্যমে এই নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।
রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এ বছর দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচন হচ্ছে। তবে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হচ্ছে এই প্রথম। এর আগে, ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।
এ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এই নির্বাচনে একমাত্র বেগম রোকেয়া সরকারি কলেজে ইভিএমের সাহায্যে ভোট নেওয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed