Main Menu

রাঙ্গাবালীতে একটি সেতু’র অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরা

সজিব খান, পটুয়াখালী থেকে: রসুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পার হয়। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শ’ ছাত্র/ছাত্রী প্রতিদিন নৌকার ওপর নির্ভর করে স্কুলে আসা-যাওয়া করে। ওই ইউনিয়নের রসুলবাড়িয়া ও মাদারবুনিয়া এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে মাদারবুনিয়া নামের একটি খাল। বিকল্প ব্যবস্থা না থাকায় দু’পাড়ের মানুষই নৌকায় পারাপার হয়। তবে নৌকা চালানোর জন্য নির্ধারিত মাঝি নেই। দু’পাড়ে নৌকার সঙ্গে বাঁধা রশি টেনে আসা-যাওয়া করে স্কুল শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এসময় রশি টানতে গিয়ে পানিতেও পড়েছে অনেক শিক্ষার্থী। প্রায়ই ঘটছে এধরণের দূর্ঘটনা।
জানা গেছে, দুই এলাকায় প্রায় ২-৩ হাজার মানুষের বসবাস। এদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছে দুই শ। এলাকাবাসীর উদ্যোগে মাদারবুনিয়া খালে পারাপারের জন্য নৌকা দেওয়া হয়। ওই নৌকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ওইসব শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
মাদারবুনিয়া গ্রামের হোসেন খাঁ’র মেয়ে রসুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মিতু আক্তার বলে, ‘স্কুলের সব ছাত্র/ছাত্রীরা বাধ্য হয়েই নৌকা চালাতে হয়। প্রায়ই এই নৌকা তলিয়ে যায়। কিছু দিন আগে নৌকা ডুইব্বা আমি পানিতে পইরা গ্যাছিলাম। লোকজন আইয়া আমারে বাঁচাইছে। মিতুর ছোট ভাই ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র জিসান বলে, ‘ডিঙি (নৌকা) চালাইয়া স্কুলে আই-যাই। রশি টাইন্না ডিঙি চালাই। একছের ডড় (ভয়) করে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর বলেন, ‘ওইসব এলাকা দিয়ে প্রতিদিন প্রায় দুই শ’ ছাত্র/ছাত্রী নৌকায় স্কুলে আসা-যাওয়া করে। মাঝি না থাকায় ওদেরকেই নৌকা চালাতে হয়। প্রায়ই শুনি, কেউ না কেউ পানিতে পড়েছে। কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে ওই খালে একটি সেতু নির্মাণ করা আবশ্যক।
রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, রসুলবাড়িয়া ও মাদারবুনিয়ার মাঝখানের খালে একটি ব্রিজ (সেতু) নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসী ও শিক্ষার্থীদের। এ বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন কুমার ঘোষ বলেন, আমরা ওখানে ব্রিজ করার জন্য খুব দ্রুত প্রস্তাবনা পাঠাব।

Share





Related News

Comments are Closed