Main Menu

টাঙ্গাইলে গ্রামীণ সড়ক ও বাজারে জ্বলছে সৌর বিদ্যুতের বাতি

বৈশাখী নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলার সখীপুর ও কালিহাতীর গ্রামীণ সড়কে সৌর বিদ্যুতে বাতি জ্বলছে। সৌর বিদ্যুতে আলোয় আলোকিত করেছে এলাকা। দুই উপজেলার এলাকাবাসী বলছে,‘আগে আমাগো এলাকার রাস্তা আছিল আন্ধার (অন্ধকার) অহন (এখন) ফকফকা (আলো)।
সখীপুর উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সৌর বিদ্যুতের এ সড়ক বাতি জ্বলছে। সখীপুর উপজেলার ঢাকা-গারোবাজার সড়কের ৩০ কি.মি, সখীপুর-গোপিনপুর সড়কে ১৫ কি.মি সড়ক। এছাড়া উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে প্রায় দুই শতাধিক পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার পোলে এ বাতি বসানো হয়েছে। কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমীন বলেন, স্থানীয় এমপি’র পরামর্শক্রমে টিআর কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১৫৩টি পয়েন্টে সৌর বিদ্যুৎতের স্ট্রিট লাইট লাগানো ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ ১৫৩টি পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার প্যানেলে এ বাতি বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকারে এ উপজেলার গ্রামীণ সড়কেও সৌরবিদ্যুৎ আলো দেয়া হচ্ছে।
ট্রাক চালক রবিদাস বলেন, মির্জাপুর-গোড়াই-গারোবাজার সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সোলার প্যানেল বসানোর কারণে এখন ডাকাতির পরিমাণ কমে গেছে। আমরা যারা রাতে মালবাহী ট্রাক চালাই এখন আমরা নিরাপদে গাড়ি চালাচ্ছি। কোন ভয় পাই না। ইন্দারজানি বাজার বণিক সমিতির সভাপতি ডিএম রফিকুল ইসলাম বলেন, আমাদের ইন্দারজানি ইউনিয়নে বিদ্যুতের লোডশেডিং একটু বেশি। আমাদের এলাকা রাস্তাঘাট ও বাজার দিয়ে সৌর বিদ্যুতের সোলার বাতি বসানো হয়েছে। বিশেষ করে আমাদের বাজারে বিদ্যুৎ চলে যাওয়ার পরও আলো জ্বলে থাকে। এতে করে বাজারে চুরি-ডাকাতির আশষ্কা কম বলেও তিনি জানান।
সখীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম জানান, সমৃদ্ধ ও বিশাল এ উপজেলার যেখানে মানুষের চলাচল রয়েছে। সে সব স্থানে সৌর প্যানেলের মাধ্যমে আলো পৌঁছানো হচ্ছে। তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় দুই শতাধিক পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার পোলে সৌর বিদ্যুতের এ সড়ক বাতি বসানো হয়েছে।
সখীপুর-বাসাইল আসনের এমপি অনুপম শাহজাহান জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার ঘোষণায় এ প্রকল্পটি বাস্তবায়নের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আর এরই প্রেক্ষিতে সখীপুর উপজেলার গ্রামীণ সড়কেও সৌর বিদ্যুতের আলো দিচ্ছে। এতে রাতের আঁধারে সৌর বিদ্যুতের আলোয় নিরাপদে মানুষ চলাচল করতে পারছে।
কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সৌর বিদ্যুতের মাধ্যমে সড়ক বাতি স্থাপনে বিশেষ উদ্যোগ নেয়া হয়। সে উদ্যোগের প্রতিফলন সৌর বিদ্যুতের মাধ্যমে সড়ক বাতি।

Share





Related News

Comments are Closed