Main Menu

রাজশাহীর সড়কগুলো যেন মরণ ফাঁদ

হাবিব জুয়েল, রাজশাহী থেকে : রাজশাহীর তালাইমারি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি নগরীর প্রধান ব্যস্ততম সড়ক। এই সড়কটিতে দূরপাল্লার বাস, অটোরিক্সা, রিক্সাসহ অন্যান্য যান চলাচল করে থাকে। তবে সম্প্রতি ২ বছরের বর্ষার পানিতে এই রাস্তাটির বিভিন্ন অংশে গর্ত দেখা দিয়েছে। সাথে সড়কটির অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গেছে। ফলে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে এই সড়কটি।
পথচারীরা জানিয়েছেন তাদেরকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এই সড়কে। আহম্মেদ আলী নামের একজন পথচারী বলেন, আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই অফিসে যাতায়াত করি। এই রাস্তাটির এখন যে অবস্থা তাতে মনে হয় যেন এটি কোন গ্রামের রাস্তা।
গত দুই বছর আগে এই সড়কটির সংস্কারের কাজ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে কাজ শেষ হতে না হতেই সড়কটির কার্পেটিং উঠেতে শরু করেছিল। স্থানীয় রাজনীতিবিদ আখতারুল হাসান অপু বলেন সড়কটি যে মাসে মেরামত করা হয় তখন বর্ষা চলছিল। সড়কটি মেরামতের প্রায় দুই মাস পর হতেই কার্পেটিং উঠতে শুরু করে। সড়কটির সবচাইতে বেহাল অবস্থা তালাইমারি টিএনটির সামনের অংশ, সেরিকালচারের সামনের অংশ ও বাস টার্মিনালের সামনের সড়কের অংশটি।
বাস টার্মিনালের সামনের সড়কের বেহাল অবস্থার কারণে রীতিমতো ট্রাফিক আইন ভঙ্গ করে এই সড়ক দিয়ে বিপরীত পথে যাতায়াত করছে যানবাহন। ট্রাফিক থাকলেও সড়কটির বেহাল অবস্থার কারণে তারা কিছুই বলতে পারছেন না। এদিকে এই ৩ কিলোমিটার সড়কটির বেহাল দশার কারণে ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। এতে যাত্রিরাও বিরক্ত হন।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, বাজেট না থাকায় সড়কটি সংস্কার করা যাচ্ছেনা। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কার করা হবে।

 

Share





Related News

Comments are Closed