Main Menu

রাজধানীতে নিজ ঘরে মা-ছেলে খুন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলের নিজ বাসায় মা-ছেলে খুন হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাটে খুন হন তারা। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা জানা যায়নি। রাজমনি প্রেক্ষাগৃহের পশ্চিম পাশে ৮৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে।

ওই বাড়িতে মা-ছেলে খুন হওয়ার খবর শুনে রমনা থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও উপস্থিত আছে। মায়ের নাম শামসুন্নাহার (৪৬) ও ছেলের নাম শাওন (১৭) । মা গৃহিণী। আর ছেলে সম্প্রতি ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছেন বলে ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ বলছে লাশ উদ্ধারের সময় তারা দেখেছেন মায়ের গলাকাটা ছিল আর ছেলের শরীর ছিল রক্তাক্ত।

বাড়ির মালিক ও গৃহকর্তা আবদুল করিম তখন বাসার বাইরে ছিলেন। তার শ্যামপুরে ব্যবসা আছে।

বাসার কাজের মেয়ে বলেন, সন্ধ্যায় তিনি ফ্ল্যাটে ঢোকেন। এ সময় শামসুন্নাহার দরজা খুলে দেন। ঘটনার সময় তিনি রান্না ঘরে ছিলেন। কেউ একজন এসে বাইরে থেকে রান্না ঘরের দরজা লাগিয়ে দেয়।

এরপর তিনি ‘ম্যাডাম’ শামসুন্নাহারের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। কাজের মেয়ে বলেন, বাসার দারোয়ান এসে রান্না ঘরের দরজা খুলে দিলে সে সেখান থেকে বের হন।

পুলিশের কর্মকর্তারা বলছেন, ঘটনা সম্পর্কে জানতে বাসার দারোয়ান ও কাজের মেয়েকে থানায় নেওয়া হয়েছে। শিগগিরই এই হত্যার পেছনে কারা জড়িত তা উদ্‌ঘাটন করা হবে।

Share





Related News

Comments are Closed