আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
বৈশাখী নিউজ ২৪ ডেস্ক: আজ ১ অক্টোবর, বিশ্ব প্রবীণ দিবস। নানা কর্মসূচির বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালন করা হবে।
এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ভবিষ্যৎ অগ্রসরে: সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন।’
১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণী বলেছেন, প্রবীণ জনগোষ্ঠী সমাজে সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাদের মেধা, মনন ও কর্মময় জীবনের পথ বেয়েই সভ্যতা ও উন্নয়ন এগিয়ে চলেছে। তাই প্রবীণ ব্যক্তিদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ তাদের স্বস্তিদায়ক জীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
আবদুল হামিদ আরো বলেন- ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবীণদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই প্রবীণদের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করা জরুরী। পাশাপাশি তারা যাতে সুখ-শান্তিতে এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ‘জীবনসায়াহ্নে মর্যাদার সঙ্গে প্রবীণদের পরিচর্যা ও কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা রাষ্ট্র, পরিবার তথা সমাজের অবশ্য কর্তব্য।’
প্রবীণদের সার্বিক কল্যাণে সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সরকার বয়স্কভাতা কর্মসূচি চালুর পাশাপাশি জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এবং বাবা-মার ভরণপোষণ আইন ২০১৩ প্রণয়ন করেছে।’
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ প্রবীণ বা সিনিয়র সিটিজেন রয়েছে।
‘প্রবীণ বন্ধু’র নির্বাহী পরিচালক ডা. মহসীন কবির লিমন জানান, আগামী ২০২৫ সাল নাগাদ প্রবীণদের সংখ্যা হবে প্রায় ১ কোটি ৮০ লাখ। ২০৫০ সালে প্রায় সাড়ে ৪ কোটি এবং ২০৬১ সালে প্রায় সাড়ে ৫ কোটি প্রবীণ জনগোষ্ঠী হবে।
মহসীন কবির জানান, বাংলাদেশের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার দেশের ১ কোটি ৩০ লাখ প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বয়স্ক ভাতা ও পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রায় ১ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে সামাজিক সুরক্ষা খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
‘প্রবীণ বন্ধু’র নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে আগামী ২০৫০ সালে শিশুর চেয়ে প্রবীণ নাগরিকের সংখ্যা এক শতাংশ বেশি হবে। ওই সময়ে শিশুর সংখ্যা হবে ১৯ শতাংশ এবং প্রবীণ নাগরিকের সংখ্যা হবে ২০ শতাংশ।
এদিকে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট শাখার উদ্যোগে ও সিলেটের জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১ অক্টোবর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হবে বর্ণাঢ্য র্যালী। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ ও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ। সভাপতিত্ব করবেন সংঘের সিলেট শাখার সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন।
সকল কর্মসূচীতে সংঘের আজীবন সদস্য, সাধারণ সদস্য ও এসোসিয়েট সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ও সংঘের সিলেট শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মহীউদ্দিন চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed