Main Menu

বাবার পাশে চিরনিদ্রায় শায়িত রূপা

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামে বাড়ীর পাশে সামাজিক কবরস্থানে বাবার কবরের পাশে রূপার দাফন সম্পন্ন হয়েছে। এসময় এলাকার নারী পুরুষ এ হত্যার বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেন।

এ সময় তাড়াশ উপজেলার স্থানীয় বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় রূপার মরদেহ গ্রামের বাড়ীতে পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ভাই বোন আত্মীয়-স্বজনসহ গ্রামের লোকজন কান্নায় ভেঙে পড়েন। রূপার মৃতদেহের কফিন নিয়ে তাৎক্ষনিকভাবে অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে মিছিল করেন এলাকাবাসি।

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন জানান, রুপার হত্যাকারীদের ফাঁসি দাবি করছি। কোনোভাবে ওই নরপশুদের ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রুপাদের বাড়িতে আসবেন। তখন রুপার পরিবারের শিক্ষিত ভাই-বোনদের চাকরির ব্যাপারে তিনি তার কাছে বিনীত আবেদন রাখবেন। এছাড়া তার ও দলের পক্ষ থেকে রুপার পরিবারের প্রতি নজর রাখা হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট শুক্রবার বগুড়ায় শিক্ষক নিবন্ধন লিখিত পরিক্ষা শেষে বগুড়া থেকে ময়মনসিংহ গামী ছোঁয়া পরিবহনের বাস যোগে কর্মস্থল শেরপুরে ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন রুপা।

Share





Related News

Comments are Closed