Main Menu

রাজনগরে পৃথক অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অপরদিকে উপজেলার উত্তরভাগ চা বাগানে ভ্রাম্যমান আদালত চালিয়ে ৬ হাজার লিটার দেশী মদ জব্দ ও অবৈধভাবে মদ বিক্রির দায়ে ওই বাগানের ৩ শ্রমিকের একজনকে ৯ মাস ও দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানে গাঁজা বিক্রির জন্য নিয়ে আসে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ৪ ব্যক্তি। ওই বাগানের রাম কুমারের (৫৩) কাছে তা বিক্রির কথা ছিল। বাগানে যাওয়ার আগে ওই ইউনিয়নের পানিশাইল এলাকায় ঘুরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে রাজনগর থানার এসআই নূরুন্নবি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। প্রাইভেট কারের সামনে ও পেছনে দুটি প্লেট নম্বর লাগানো রয়েছে।

আটককৃতরা হলো- হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে মো. হোসেন (২৭), মো. রায়হান মিয়া (২০), হেলাল মিয়া (১৮) ও সবুজ মিয়া (২৫) এবং ইন্দানগর চা বাগানের রাম কুমার (৫৩)। রাজনগর থানার এসআই নূরুন্নবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে উত্তরভাগ চা বাগানের লাইসেন্সধারী মদের পাট্টায় ভ্রাম্যমান আদালত চালিয়েছেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ওই বাগানের মদের পাট্টায় অভিযান চালিয়ে অবৈধভাবে মদ বিক্রির দায়ে ওই বাগানেরই মনা মৃধা (২৮), সুমন মৃধা (২৩) ও মুন্না দোষাদ (২৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত মনা মৃধাকে ৯ মাসের বিনাশ্রম এবং সুমন মৃধা ও মুন্না দোষাদকে ৬মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এসময় ওই মদের দোকানে বিভিন্ন রেজিস্টার ও নথি দেখে ১০৫৩ লিটার মদের গড়মিল পাওয়া যায়। পরে ওই মদের পাট্টা সীলগালা করে ৬৪৯৮ লিটার দেশী মদ জব্দ করা হয়। এসময় কুলাউড়ার ভাটেরা এলাকার নূরু হোসন (৩৭) নামে এক ছোলাই মদ বিক্রেতাকে আটক করে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন- আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালদের সাজাপ্রাপ্ত আসামীদেরও জেল হাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed