Main Menu

তাহিরপুর লেকের পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাটের ডিনি পার্কের শহীদ সিরাজ বীর উত্তম লেকে (চুনাপাথরের পতিত গভীর কোয়ারী) ঢাকা থেকে আসা এক পর্যটক গোসল করতে নেমে শনিবার বেলা ২টা থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের নাম ওয়াহিদ পলিন (২৮)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজুড় গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে ও ঢাকার বসুন্ধরা গ্রæপের সাবেক কর্মকর্তা। নিখোঁজের পর থেকে টাঙ্গুয়ার হাওরের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি ও স্থানীয় লোকজন লেকের পানিতে দিনভর কয়েকটি নৌকা নিয়ে সন্ধান চালিয়েও সন্ধা পৌণে ৬টা পর্যন্ত পলিনের কোন সন্ধান পায়নি।
জানা গেছে, রাজধানী ঢাকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাহিদ, মারুফ হোসেন, ওয়াহিদ পলিন, রুশনী ও বাধন সহ ৫ বন্ধু-বান্ধব মিলে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে শুক্রবার ভ্রমণে এসে ইঞ্জিন চালিত ট্রলারে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নৌ-ঘাটে রাত্রী যাপন করেন। শনিবার সকালে ফের ৫ বন্ধু–বান্ধব মিলে বারেক টিলা ও সীমান্তনদী জাঁদুকাঁটা ভ্রমণ শেষে টেকেরঘাটে দুপুরে ফিরে আসেন। এদিকে শরীরে টায়াল জড়িয়ে শনিবার বেলা ২টার দিকে ওয়াহিদ পলিন সহ সবাই টেকেরঘাট সীমান্তের জিরো লাইন বরাবর ডিসি পার্কের শহীদ সিরাজ বীর উত্তম লেকে গোসল করতে নামলে ৪ বন্ধু গোসল শেষে তীরে উঠে আসলেও ওয়াহিদ পলিন সাঁতার না জানায় লেকের পানিতে ডুবে যেতে থাকেন।
নিখোঁজ ওয়াহিদ পলিনের বন্ধু ভ্রমণে আসা রাজধানী ঢাকার ইজম লিমিটেডে কর্মরত মো. মারুফ হোসেন শনিবার বিকেলে বলেন, আমরা ৪ বন্ধু গোসল শেষে তীরে উঠার পর শুধু ওয়াহিদের হাতখানি পানির উপর কিছু সময় দেখার পর তাকে ডুবে যেতে দেখেছি, তখনই সবাই চিৎকার করলে ট্রলারের মাঝিরা সাথে সাথে লেকের পানিতে ওয়াহিদকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেও তাকে উদ্ধার করা যায়নি।
কুমিল্লার মুরাদনগরের গ্রামের বাড়িতে ওয়াহিদ পলিনের পরিবারের সদস্যদের সাথে শনিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছোট বোন নিশাত অঝোরে কাঁদতে কাঁদতে এ প্রতিবেদকে বলেন, ভাইয়ার নিখোঁজের খবর আমরা বেলা আড়াইটার পর সাথে থাকা বন্ধুদের মাধ্যমে মুঠোফোনে জানতে পারি, মা এ খবর শোনার পর থেকে বারবার মুর্চা যাচ্ছেন, কিন্তু ভাইয়ার এখনো কোন সন্ধান না মেলায় আমাদের পুরো পরিবার ও স্বজনরা অনিশ্চিত একটা কঠিন সময় পার করছি।
এদিকে নিখোঁজ ছেলের সন্ধানে পিতা মো. মোস্তফা কামাল ও ভগ্নিপতি আবুল ফয়সল সহ কয়েকজন বিকেলে কুমিল্লা থেকে সুনামগঞ্জের টেকেরঘাটের উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন বলেও নিশাত নিশ্চিত করেছেন।
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাকিল আহমেদ বিকেল ৫টা ৪০ মিনিটে জানিয়েছেন, নিখোঁজের সন্ধানে স্থানীয় লোকজন দুপুর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সিলেটে ফায়ার সার্ভিসে থাকা ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে হয়ত তারা টেকেরঘাটে পোঁছাতে রাত ৮টা পর্যন্ত সময় লাগবে, এরপর রাত হলেও সন্ধান কাজ চালিয়ে যাওয়া হবে।  তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি জানান, ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed