Main Menu

সিলেটে জিউড় আখড়ায় ককটেল বিস্ফোরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় কীর্তন চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪২ মিনিটে এ ঘটনা ঘটে। পরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ভক্তবৃন্দ জানান, ককটেল বিস্ফোরণের সময় মন্দিরে অষ্টপ্রহর কীর্তন চলছিল। গেটের বাইরে থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে, যা নাটমন্দিরের কাছে এসে বিস্ফারিত হয়।
এ সময় কীর্তনে আসা ভক্তবৃন্দের আতংক ছড়িয়ে পড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটলেও কীর্তন কার্যক্রম বন্ধ হয়নি।
ঘটনাস্থলে আসা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম সাংবাদিকদের বলেন, মন্দির এলাকায় সিসিটিভি থাকায় দুর্বৃত্তদের সনাক্ত করতে সহজ হয়। ইতিমধ্যে ফুটেজ দেখে সন্দেহভাজনদের গ্রেফতার করার কাজ শুরু করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। সন্দেহাভাজনদের বিরুদ্ধে নেয়া হচ্ছে খোঁজখবর।
ওসি গৌছ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এমুহূর্তে দুজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, ছবিতে টি-শার্ট পড়া এক যুবক প্রথমে গেট দিয়ে আখড়ায় প্রবেশ করে কিছুক্ষণ ঘুরাঘুরির পর সে বের হয়ে যায়। তার কিচ্ছুক্ষণ পরপরই আরেকজন ফুলহাতা শার্ট পড়া যুবক আখড়ায় প্রবেশ করে এবং গেটে অবস্থান নেয়। তার কিছুক্ষণ পর প্রথম যুবক হাত নেড়ে ইশারা করার সাথে সাথে গেটের বাইরে থেকে ছোঁড়া ককটেল আখড়ার ভিতরে নাট মন্দিরের কাছে বিস্ফোরিত হয়।
মন্দিরের সাধারণ সম্পাদক প্রলয়কান্তি দেব বেণু বলেন, এই হামলা একটা সাম্প্রদায়িক হামলা, দেশকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে বাধা প্রদানই তাদের মূল উদ্দেশ্য।
মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, মন্দিরে কীর্তন চলাকালে এমন হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় , এটি একটি পরিকল্পিত ঘটনা। তিনি এঘটনার তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed