Main Menu

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে খুন

বৈশাখী নিউজ ডেস্ক : গোপালগঞ্জ সদরে মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাজী মাহাবুব (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের প্রায় দেড়মাস পর মারা গেলেন তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু হয়। কাজী মাহবুবকে ১৬ জুন কুপিয়ে মারাত্মক আহত করা হয়।

কাজী মাহাবুব জেলা শহরের পাবলিক হল রোডের বাসিন্দা এবং তিনি গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী মাহবুবের মেয়ে স্থানীয় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন স্থানীয় যুবক আকাশ (২২)। তাকে বেশ কয়েকবার নিষেধ করা সত্ত্বেও তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।

কাজী মাহবুব বিষয়টি পুলিশে জানান। কিছুদিন আগে পুলিশ আকাশকে আটক করে। এরপর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

এর প্রতিশোধ নিতেই ১৬ জুন আকাশ মেয়েটির বাবা কাজী মাহবুবকে কুপিয়ে মারাত্মক আহত করেন। তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মারা যাওয়ার খবর লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed