‘ডেসটিনির কর্ণধারেরা জামিনে গেলে খুঁজে পাওয়া যাবে না’
বৈশাখী নিউজ ডেস্ক: ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকা জমা দেবে না। এমনকি জামিনে একবার গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ডেসটিনির দুই কর্ণধারের জামিন আবেদনের শুনানিকালে সোমবার ডেসটিনির আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এসব মন্তব্য করেন। আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
এ সময় আদালত বলেন, ডেসটিনির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও এমডির জামিনের পর একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকাও জমা দেবে না। টাকা দেওয়া তো দূরে থাক তারা আরো অর্থ বাইরে পাচার করবেন।’
আদালত আরো বলেন, ‘আপনিতো (রোকন উদ্দিন মাহমুদ) এর আগে হলমার্কের জেসমিনকে টাকা দেওয়ার শর্তে জামিন নিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই টাকা তো দেননি। পরে আবেদন দিয়ে ওই আদেশও প্রত্যাহার করে নিয়েছিলেন। সেটা আমাদের জানা আছে।’
তখন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘আমি (তার মক্কেলের কথা বলেছেন) তো জেলে আছি। গাছ তো রয়েছে গাছের জায়গায়। সেটা ছাগলে খেয়েছে, না মারা গেছে তা তো জানি না। আমাকে দুই মাসের জামিন দিন।’
এ পর্যায়ে আদালত রোকন উদ্দিন মাহমুদের মক্কেলককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একবার জামিনে বেরিয়ে গেলে আপনাকে আর পাওয়া যাবে না।’
এ সময় আদালত জানতে চান আপনার (আসামি) অ্যাকাউন্টে কত টাকা আছে। জবাবে আইনজীবী বলেন, ‘১৪৭ কোটি টাকা আছে।’
আদালত আরো বলেন, ‘আপনারা শর্ত অনুযায়ী কিছু টাকা পরিশোধ করুন। আপনাদের সব সুবিধা দেব।’
এরপর আদালত ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়ে আগামী রোববার মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর ডেসটিনি গ্রুপের গাছ লাগানো প্রকল্পের আওতায় থাকা ৩৫ লাখ গাছ ৬ সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেন আপিল বিভাগ।
ওই দিন আদালত আদেশে বলেছিলেন, ৩৫ লাখ গাছ বিক্রির ২৮০০ কোটি টাকা সরকারকে ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে। টাকা পাওয়ার পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আপিল বিভাগ জামিন দেবেন বলে আদেশে বলা হয়। তবে গাছ বিক্রি করে যদি ২৮০০ কোটি টাকা না হয় তাহলে কমপেক্ষ ২৫০০ কোটি টাকা সরকারকে দিলেই জামিন মিলবে ডেসটিনির চেয়ারম্যান ও এমডির। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী, টাকা জমা না দেওয়ায় এখনো জেলে রয়েছেন ডেসটিনির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed