Main Menu

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার অধিকাংশই ধ্বসে পড়ে। এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হেনুল ইসলামকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি পোশাক কারখানার ডায়িং সেকশনে কাজ চলছিল। ঈদের ছুটির কারণে এদিন কারখানার অন্য সেকশনের উৎপাদন বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চার তলা বিশিষ্ট ওই কারখানা ভবনের নিচ তলার বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় পুরো ভবন কেঁপে উঠে এবং ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার বেশকিছু অংশ ধ্বসে পড়ে। এ ঘটনায় বেশ কয়েক শ্রমিক হতাহত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতে থাকে।

খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

১৯৯২-৯৩ইং সালে প্রতিষ্ঠিত এ কারখানায় সুইডেন, ডেনমার্ক, জার্মানি, জাপান, রাশিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও ইউকে সহ বিভিন্ন দেশের কাজ করে থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আক্তারুজ্জামান জানান, রাত ৯টা পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানিয়েছেন, গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed