Main Menu

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ঈদ-উল-ফিতর উদযাপন

রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে: গত ২৫শে জুন রবিবার যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীসহ মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করেছে । সাপ্তাহিক ছুটি থাকায় এবারের ঈদে খুশির আমেজ বেশ পরিপূর্ণতা পেয়েছিল। রমজানের সিয়াম সাধনার পর বাঙ্গালী অধ্যুষিত এলাকা আরলিংটন ভার্জিনিয়ায় বাংলাদেশীদের তত্বাবধানে পরিচালিত বাইতুল মোকাররম জামে মসজিদে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

২০১২ সাল থেকেই প্রবাসী বাংলাদেশীদের তত্বাবধানে ২১১৬ সাউথ নেলসন স্ট্রিট, আরলিংটন, ভার্জিনিয়ায় মসজিদটিতে নামাজ, আল্ কোরআন শিক্ষা, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর বাইতুল মোকাররম জামে মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

ঈমামতি করেন যথাক্রমে সকাল আটটায় মাওলানা কৌশিক আহমেদ, সকাল নয়টায় হাফেজ এওয়াইস আহমেদ এবং সকাল দশটায় হাফেজ নাজিউর রহমান। ঈদ-উল-ফিতরের নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়। ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশী ছাড়াও পৃথিবীর অন্যান্য মুসলিমদের অংশগ্রহণ লক্ষনীয়। নামাজ শেষে সকলে কোলাকুলি ও সৌহার্দ বিনিময় করেন।

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশির জোয়ার। ঈদ মানে একে অপরের প্রতি ভালবাসা, ভাতৃত্ববোধ, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন । এই আনন্দ ও উৎসব মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে খুশীর বন্যা, ভুলিয়ে দেয় সকল বিভেদ ।

Share





Related News

Comments are Closed