সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় তিনি নিহত হন।
নিহত জসিম উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার জসিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে থাকা জসিমের স্বজন ও সহকর্মীরা তাঁর মৃত্যুর খবর দেশে পরিবারের সদস্যদের জানান। প্রিয় সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।
প্রতিবেশীরা জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। শান্ত স্বভাবের ও পরিশ্রমী জসিম পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রবাসে গিয়েছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জসিমের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী রাজু আহমদ বলেন, প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপের বিস্তারিত এখনো জানা যায়নি।
Related News
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক প্রবাসীRead More
হবিগঞ্জের তরুণরা লিবিয়ায় মাফিয়াফাঁদে, নিখোঁজ ৩৮
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পথে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে যেতেRead More



Comments are Closed