যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ)। গত ৮ অক্টোবর যুক্তরাজ্যের আরএএফ হালটন এভিয়েটর ট্রেনিং একাডেমির পাসিং আউট প্যারেডে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন তিনি। বর্তমানে রয়্যাল এয়ার ফোর্সে ‘এয়ার রিক্রুট’ পদে কর্মরত রয়েছেন আল আমিন। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
আল আমিন চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের অনু মিয়ার বড় ছেলে। বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু। পরে স্থানীয় নালমুখের সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। একই কলেজের বাংলা বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন আল আমিন।
পরে সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন তিনি। তবে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপসহ আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি রয়্যাল এয়ার ফোর্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন।
দীর্ঘ প্রচেষ্টা ও কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করে রয়্যাল এয়ার ফোর্সে নিজের কর্মজীবন শুরু করেছেন তিনি।
আল আমিনের প্রতিবেশী ব্যাংকার জালাল আহমেদ বলেন, ‘চুনারুঘাটের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং এমন একটি চ্যালেঞ্জ জয় করা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। চুনারুঘাট থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে আল আমিনের এই যাত্রা জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক।’
আল আমিনের বাবা অনু মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আল আমিন মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনার পাশাপাশি সে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত।’
মুঠোফোনে আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘বড়াব্দা গ্রামের সবার দোয়ার ফলেই আমি এত দূর আসতে পেরেছি। সুযোগ পেলে অবশ্যই দেশ ও গ্রামের মানুষের জন্য ভালো কিছু করতে চাই।’
Related News
লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটিRead More
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫Read More



Comments are Closed