Main Menu

দেশেই উৎপাদন হবে স্যামসাংয়ের পণ্য

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার শীর্ষ বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের পণ্য এখন থেকে দেশেই উৎপাদন হবে। শুরুতে দেশে চার ধরনের গৃহস্থালী পণ্য তৈরি করবে স্যামসাং। এগুলো হলো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এলইডি টেলিভিশন ও মাইক্রোওয়েভ। স্যামসাং এসব পণ্য উৎপাদন করবে স্থানীয় অংশীদার ট্রান্সকম গ্রুপ ও ফেয়ার ইলেক্ট্রনিকসের সঙ্গে যৌথভাবে।

এই উদ্যোগের অংশ হিসেবে বৃস্পতিবার (১৫ জুন) নরসিংদীর শিবপুরে স্যামসাংয়ের একটি কারখানা উদ্বোধন করা হয়। এটি ফেয়ার ইলেকট্রোনিক্সের তত্ত্বাবধানের চলবে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অহন সেয়ং ডু এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার টেকনোলজি জায়ান্ট স্যামসাংয়ের পণ্য তৈরির একটি কারখানার কার্যক্রম নরসিংদীতে শুরু হলো। এর মাধ্যমে বাংলাদেশের প্রকৌশল শিল্পের স্বীকৃতি মিললো। স্যামসাং ট্রান্সকম ও ফেয়ার ইলেকট্রোনিক্সের সঙ্গে যৌথভাবে চারটি গৃহস্থালী পণ্য উৎপাদন করবে। ফলে এসব পণ্যের দাম যেমন কমে যাবে তেমনি আমদানী নির্ভরতাও কমবে।

স্যামসাংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্পমন্ত্রী অন্যান্য বিদেশী কোম্পানিকেও বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানান।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, নরসিংদীর শিবপুরে এরই মধ্যে স্যামসাংয়ের রেফ্রিজারেটর উৎপাদন শুরু হয়েছে। শিগগিরই সেখানে অন্য তিনটি পণ্য উৎপাদন শুরু হবে। এখান থেকে ওয়াশিং মেশিনও তৈরি করা হবে।

বাংলাদেশে স্যামসাংয়ের পণ্য উৎপাদনের জন্য ফেয়ার ইলেকট্রোনিক্স ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। অন্যদিকে কারিগরি ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে স্যামসাং।

এই কারখানায় তিন সহস্রাধিক লোকের কর্মসংস্থান হবে বলে ফেয়ার ইলেকট্রোনিক্স জানিয়েছে।

এর আগে ট্রান্সকম ইলেকট্রোনিক্সের সঙ্গে স্যামসাং গাটছড়া বেঁধে রাজধানীর মহাখালীতে কোম্পানিটির সর্বাধুনিক কারখানায় গত মাস থেকে পরীক্ষামূলকভাবে টেলিভিশন উৎপাদন শুরু হয়েছে।

Share





Related News

Comments are Closed