Main Menu

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ৪ সেনা সদস্য নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি জেলার মানিকছড়িতে পাহাড় ধসে দুই সেনা কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উদ্ধার অভিযান চলাকালে এ দুর্ঘটনায় আরো এক সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান সংবাদ মাধ্যমকে সেনা কর্মকর্তাদের হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে দুই কিলোমিটার দূরে শহরের প্রবেশমুখে পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাঙামাটি সদর জোনের সেনাবাহিনীর একটি দল উদ্ধার কাজ চালাতে যায়।

সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় আকস্মিক নতুন করে পাহাড় ধস শুরু হয়। এতে মেজর মাহফুজ (৪৪ লং কোর্স), ক্যাপ্টেন তানভির (৬৪ লং কোর্স), কর্পোরাল আজিজ ও সৈনিক শাহীন মাটিচাপা পড়ে নিহত হন।

এ দুর্ঘটনায় আরো ১২ সেনা সদস্য আহত হন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো এক সেনা সদস্য।

আহতরা মানিকছড়ি রিজিয়ন সিএমএইচে চিকিৎিসাধীন রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এরা হচ্ছেন- সৈনিক আজমল, মামুন, ফিরোজ, মোজাম্মেল ও সেলিম।

এই পাঁচ সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে না পেরে ফিরে যায়। আবহাওয়ার উন্নতি হলে তাদের হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হবে।

বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। তবে প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, পাহাড় ধসে মাটিচাপা পড়ে নিহত দুই সেনা কর্মকর্তাসহ ১৮ জনের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬ এ দাড়িয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

Share





Related News

Comments are Closed