পাহাড় ধসে রাঙামাটি ও বান্দরবনে ২০ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি ও বান্দরবনে পাহাড় ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে ১৩ জন এবং বান্দরবনে ৭ জন মারা গেছে।
স্থানীয় লোকজন জানান, সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছে।
রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার সংবাদ মাধ্যমকে বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ধসে মারা যাওয়া নয়জনকে হাসপাতালে আনা হয়েছে।
কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা জানান, এই ইউনিয়নে পাহাড়ধসে মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কয়েক দিনের টানা বর্ষণের কারণে বান্দরবানের কালাঘাটায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় কালাঘাটার কবরস্থানের পাশে, জেলেপাড়া ও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।
কালাঘাটের কবরস্থানের পাশে পাহাড় ধসে রেবা ত্রিপুরা (১৮) নামের এক শিক্ষার্থী মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সঙ্গে থাকা বীর বাহাদুর ত্রিপুরা, প্রসেন ত্রিপুরা ও সূর্য চাকমা নামের তিনজন আহত হয়। তারা সবাই বান্দরবান কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জেলেপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়েন মা-মেয়ে। তারা হলেন, কামুরননাহার ও সুফিয়া। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
এছাড়া লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে এক পরিবারের তিনটি শিশু প্রাণ হারিয়েছে। তারা হলো শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫)।
স্থানীয়রা জানায়, রাত ৩টার সময় প্রবল বর্ষণ শুরু হয়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ঘরের ওপর ধসে পড়ে। কালাপাড়া এলাকায় দমকল বাহিনী ও স্থানীয়রা এসে একজনকে মৃত ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা জানান, জেলেপাড়ায় মা-মেয়েকে মাটি সরিয়ে উদ্ধার অভিযান চলছে।
কুহালং ইউনিয়নের পূর্ব ধোপাছড়ি এলাকার সম্বুনিয়া পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মংকাউ খেয়াং (৫৫) মেম্রাউ খেয়াং (১৩) ও ক্যসা খিয়াং (৭)। এসময় চাইহ্লাউ (৩৫) ও সানু খেয়াং (১৮) নামে দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড মেম্বার উসামং খেয়াং জানান, সকালে পাহাড় ধসে বাড়ির ওপর পড়ে। এরপর স্থানীয়রা তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
বান্দরবান সিভিল সার্জন বলেন, জেলার দুর্গম এলাকায় অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকউল্লাহ বলেন, জেলেপাড়ায় উদ্ধার অভিযান চলছে। যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, টানা দুই দিনের বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় কয়েক হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়। জেলার সব স্কুল ও আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে এখনও অনেক পরিবারই ঝুঁকি নিয়ে তাদের বাড়িতে অবস্থান করছে। এরই মধ্যে রুমা এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয়ে গেছে শহরের নিম্নাঞ্চল।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed