Main Menu

বনানী ধর্ষণ: পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর বনানীতে হোটেল রেইন ট্রিতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে আদালতে। এতে নাম আসা পাঁচজনকেই দায়ী করা হয়েছে।

বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে এই প্রতিবেদন জমা দেয় পুলিশ। আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, রেগনাম গ্রুপের মালিক মোহাম্মদ হোসাইন জনির ছেলে সাদমান সাকিফ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (প্রকৃত নাম আবদুল হালিম) সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলী (শুরুতে নাম জানা দিয়েছিল আবুল কালাম আযাদ)।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ঘটনার ৪০ দিন পর গত ৬ মে এক তরুণী বনানী থানায় একটি মামলা করেন। এরপর পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

এই মামলায় সাফাতের নাম আসার পর আপন জুয়েলার্সের ছয়টি বিক্রয়কেন্দ্রে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন সাড়ে ১৩ মণ স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা জব্দ করে। পরে সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা পড়ে।

হোটেল রেইনট্রির বিরুদ্ধেও মামলার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তাদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া মদ বিক্রি, ভ্যাট ফাঁকি এবং আবাসিক এলাকায় রাজউকের অনুমতি ছাড়া হোটেল পরিচালনার অভিযোগ এসেছে।

Share





Related News

Comments are Closed