Main Menu

সিলেটে অর্থমন্ত্রীর বাড়ির সামনে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি বাতিল, বিড়ি শিল্প নিয়ে অর্থমন্ত্রীর উক্তির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা। এছাড়া শিল্প ও শ্রমিকদের রক্ষায় বিড়ির উপর হতে প্রস্তাবিত বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দিয়েছেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ অর্থমন্ত্রীর বাসভবন ‘হাফিজ কমপ্লেক্স’র প্রধান ফটকে মানববনের আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমরাও মানি। তবে বিড়ির প্রতি যে হারে কর বর্ধিত করা হয় বা কথা বলা হয়, সিগারেটের প্রতি তা করা হয় না। ১৫ থেকে ১৬ লাখ শ্রমিক বিড়ি তৈরির কাজে নিয়োজিত। কর বৃদ্ধির ফলে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবেন। এছাড়া লোকসানে পড়ে এই শিল্প ধ্বংস হওয়ার ফলে বেকার হয়ে পড়বেন শ্রমিকরা। এজন্য তারা বিক্ষোভ করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী নানা কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed