Main Menu

কুলাউড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালিকা খুন

মৌলভীবাজার সংবাদদাতা: কুলাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালিকা মনি বেগম (১৬) খুন হয়েছে। এসময় স্ত্রী রায়না বেগমকে (২২) ও মাছুম মিয়া নামে ৬ মাসের এক ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করেছে ঘাতক মো. সালাউদ্দীন (৩২)। মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টায় উপজেলার হাজিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ হত্যাকারীকে আটক করেছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভুষন রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে মো. সালাউদ্দীন (৩২) দুই বছর পূর্বে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত মছলু মিয়ার মেয়ে রায়না বেগম (২২) এর সাথে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। তাদের ৬ মাসের এক ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহে স্ত্রী রায়না বাবার বাড়ি চলে আসলে গত ২১ মে রায়নার শ্বশুর মো. আলাউদ্দীন তাকে বাড়ি ফিরিয়ে নিতে চাইলে সে রাজি হয়নি।
পরে সোমবার রাত ১১টায় সালাউদ্দীন শ্বশুর বাড়ি এসে রাত্রিযাপন করে এবং সকালে স্ত্রী সন্তানকে নিয়ে যেতে চায়। তখনও তার স্ত্রী যেতে চায়নি। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। এসময় উক্তেজিত স্বামী সালাউদ্দীন স্ত্রী রায়না ও শিশু সন্তান মাসুমকে কুপিয়ে আহত করে। এমন অবস্থা দেখে তাদেরকে বাচাতে ছুটে আসে শ্যালিকা মনি বেগম। এসময় ঘাতক হাতে থাকা ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজনসহ স্থানীয়রা ঘাতককে আটক করে কুলাউড়া থানা পুলিশের হাতে তুলে দেয় এবং আহত স্ত্রী রায়না ও শিশু মাসুমকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed