Main Menu

বনানী ধর্ষণের আসামি সাফাত ও সাদমান সিলেটে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের প্রধান আসামি সাফাত আহমেদকে (২৬) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাতের সঙ্গে এই মামলার আরেক আসামি সাদমান সাকিফকেও গ্রেপ্তার করা হয়েছে। সাদমান (২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে।সাফাতের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের নগর গ্রামে। আর তার নানার বাড়ি দক্ষিণ সুরমার বরইকান্দিতে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলাস্থ রশীদ ভিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে আসা পুলিশ সদর দপ্তরের একটি গোয়েন্দা দল ও সিলেট মহানগর পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই শিক্ষার্থীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

 

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed